পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ দুপুর ১২:০৭:১৬
শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটুক্তি: এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদগারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, শুক্রবার (১০ জুলাই) দুপুরে পাবনায় শহীদ চত্ত্বর পরিদর্শণের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহবায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন। তাই এনসিপির বিতর্কিত নেতাদের বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। সেইসঙ্গে পাবনায় এনসিপিকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতারা।
এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবি এম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহবায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম তরু, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আবু জার প্রমুখ।