কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৭:৫৭:২৯
৩৬ দিন ভাসমান থাকা ২ শ্রীলঙ্কান জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ভয়াবহ বৈরী আবহাওয়ার কবলে পড়ে দীর্ঘ ৩৬ দিন ভাসমান অবস্থায় থাকা দুই বিদেশি জেলেকে জীবিত উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা।
গতকাল ২৫ জুলাই (শনিবার) তাদের উদ্ধার করে মহেশখালী উপকূলে নিয়ে আসা হয়। উদ্ধারকৃ ২ জেলো শ্রীলঙ্কান নাগরিক বলে জানা গেছে তারা সম্পর্কে পিতা ও পুত্র।
উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য অনুযায়ী, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ তীব্র বৈরী আবহাওয়ার কারণে তাঁদের ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর স্রোত ও ঢেউয়ের তোড়ে দিক হারিয়ে দীর্ঘ ৩৬ দিন ভাসতে ভাসতে তাঁরা বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছান।
তাঁরা আরও জানান, এই দুর্বিষহ সময়ে জলদস্যুদের হামলারও শিকার হন। দস্যুরা তাঁদের বোটে থাকা মূল্যবান মালামাল, মাছ ধরার সরঞ্জাম, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ফলে দীর্ঘদিন অনাহার-অর্ধাহারে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয় তাঁদের।
উদ্ধারের পর মানবিক দায়িত্ববোধ থেকে ট্রলারের মালিক জিয়াউর রহমান তাঁদের নিজ বাড়িতে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেন। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে শনিবার দুই শ্রীলঙ্কান নাগরিককে মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান গণমাধ্যম কে জানান, উদ্ধার দুই বিদেশি জেলেকে বর্তমানে নিরাপদ পুলিশ হেফাজতে রয়েছে । তাঁদের সঠিক পরিচয় নিশ্চিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।