চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৮:৫১:০৭
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে হামলা
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে একদল সন্ত্রাসী।
রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল একটি টেম্পোতে চড়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের বহুতল ভবনের সামনে এসে নামে। ওই সময় ভবনটিতে নির্মাণকাজ চলছিল। সন্ত্রাসীরা ভেতরে ঢুকেই কাজ করতে থাকা শ্রমিকদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।
একপর্যায়ে তারা ভবনের দরজা-জানালা ও বিভিন্ন কাঠামো ভাঙচুর করে। তাণ্ডব চালানোর সময় হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া মারধরের শিকার হন ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও আরও কয়েকজন শ্রমিক। তাণ্ডব চালিয়ে চত্বর ত্যাগ করার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
হামলার শিকার জসিম উদ্দিন পেশায় চাল ও চিনির পাইকারি ব্যবসায়ী। হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
তিনি জানান, ‘গত এক মাস ধরে একটি বিদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিল। ইতিপূর্বে নগরীতে অন্য একটি প্রতিষ্ঠানে হামলার পর প্রতিবাদ হলে চাঁদাবাজরা কিছুদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে তারা আবার ফোন দিয়ে হুমকি দিতে শুরু করে। বিষয়টি সাথে সাথেই পুলিশকে অবহিত করা হয়েছিল। আজ ঘটে যাওয়া এ ঘটনায় আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, কেবল ব্যবসায়ী জসিমই নন, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন প্রায় ৮ থেকে ১০টি ভবনের মালিকদের কাছে ফোন করে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। স্বাধীনতা-উত্তর সময়ে এই এলাকায় এমন প্রকাশ্য ও বেপরোয়া চাঁদাবাজির ঘটনা আর কখনো দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।