নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ রাত ০৭:২৫:১৯
রামিসাকে ধর্ষণ-হত্যা : অভিযোগ গঠনের শুনানি ১ জুন
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১ জুন।
রোববার (২৪ মে) বিকেলে তাদের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীন শুনানির এ দিন ধার্য করেন বলে জানিয়েছেন, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান এদিন দুপুরে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বদলির আদেশ দেন।
এ দিন সোহেল রানা ও স্বপ্নাকেও কড়া পাহারায় আদালতে হাজির করা করা হয়। তবে তাদের এজলাসে তোলা হয়নি।