ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ৩ মে ২০২৬ সকাল ০৯:২১:৩০
আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি কোনো ধরনের 'দুর্ব্যবহার' বা 'খারাপ কিছু' করার চেষ্টা করে, তবে আবারও দেশটিতে হামলা চালানো হবে। শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান দরকষাকষিতে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুদ্ধের প্রভাবে ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ইরানের নেতৃত্ব নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা জানেই না তাদের নেতা কে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি আর নেই বলেও দাবি করেন তিনি। ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি ১৪ দফা প্রস্তাবিত পরিকল্পনার ধারণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমাকে চুক্তির বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দিয়েছে, এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা ও বিস্তারিত রূপরেখা পাঠাবে। অন্যদিকে, ইরানের সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদ যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, ওয়াশিংটনের উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, ইসলামাবাদ আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত তেহরান যথেষ্ট নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্র তার মর্যাদা দেয়নি।