আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬ দুপুর ১২:১২:৪৩
আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর নতুন হুঁশিয়ারির জেরে আবারও অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। সোমবার এশিয়ার বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১১ দশমিক ২৮ ডলার। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম উঠেছে ১০৭ দশমিক ৮৭ ডলারে।ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহ ধরেই অস্থির জ্বালানি বাজার। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর প্রতিক্রিয়াস্বরূপ ইরান কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালি।বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারে।এদিকে যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষিতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘ওদের (ইরানকে) দ্রুত এগোতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ।’অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ওয়াশিংটন এখনো তেহরানের শান্তি প্রস্তাবের বিপরীতে বাস্তব কোনো ছাড় দেয়নি।ফলে আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে বলে জানিয়েছে আধাসরকারি মেহের নিউজ এজেন্সি।