ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৬:৩১
বদলি হজ : কে করতে পারবেন ও কীভাবে
বার্ধক্য বা গুরুতর অসুস্থতার কারণে অনেক সামর্থ্যবান মুমিন এই ফরজটি নিজে পালন করতে পারেন না। ইসলামে তাদের জন্য ‘বদলি হজ’-এর বিশেষ বিধান রাখা হয়েছে। বদলি হজ হলো- একজনের ওপর অর্পিত হজের জিম্মাদারি অন্য একজন কর্তৃক পালন করা।
কারা বদলি হজ করাতে পারবেন?
হজ ফরজ হওয়া সত্ত্বেও যারা স্থায়ী শারীরিক অক্ষমতার কারণে নিজে যেতে পারছেন না, কেবল তারাই অন্যকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। অক্ষমতার কারণগুলো হলো-
স্থায়ী অসুস্থতা : এমন রোগ যা থেকে ভবিষ্যতে আরোগ্য লাভের সম্ভাবনা নেই।
বার্ধক্য : অতিশয় বৃদ্ধ হওয়া, যার ফলে দীর্ঘ ভ্রমণের সক্ষমতা হারিয়ে ফেলেছেন।
শারীরিক প্রতিবন্ধকতা : অন্ধত্ব বা পঙ্গুত্বের কারণে যাতায়াতে অক্ষম হওয়া।
নিরাপত্তাহীনতা : জীবনের ঝুঁকি থাকা বা নারীদের ক্ষেত্রে হজের সফরে উপযুক্ত মাহরাম সঙ্গী না পাওয়া।
মৃত ব্যক্তি : হজ ফরজ থাকা অবস্থায় হজ না করে মারা গেলে, ওয়ারিসদের ওপর তার অসিয়ত অনুযায়ী বদলি হজ করানো ওয়াজিব।
প্রতিনিধি হওয়ার শর্তাবলি
বদলি হজ পালনকারীর জন্য কিছু বিশেষ শর্ত ও যোগ্যতা থাকা আবশ্যক-
নিজস্ব হজ সম্পন্ন করা : প্রতিনিধি হিসেবে এমন ব্যক্তিকে নির্বাচন করা উত্তম, যিনি আগে নিজের ফরজ হজ সম্পন্ন করেছেন। নিজের হজ না করে অন্যের বদলি হজ করা মাকরুহে তাহরিমি।
অভিজ্ঞতা : প্রতিনিধিকে অবশ্যই দিনদার এবং হজের মাসয়ালা-নিয়মাবলি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
নারীর প্রতিনিধিত্ব : নির্ভরযোগ্য ও মাহরাম সঙ্গী থাকলে একজন নারীও অন্য কারও পক্ষ থেকে বদলি হজ করতে পারেন।
প্রাপ্তবয়স্ক হওয়া : প্রতিনিধিকে অবশ্যই মুসলমান, সুস্থ মস্তিষ্কসম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক হতে হবে।