আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৭:৩১:৪৫
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ
বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর রাজ্যের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড়ো সিদ্ধান্ত, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তর করা। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।