আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬ দুপুর ১২:৫১:৩৫
বৃষ্টি ও বজ্রপাতে ভারতে ৯০ জনের প্রাণহানী
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাজ্যের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ঝড়, বজ্রপাত এবং বৃষ্টিজনিত ঘটনায় প্রায় ৮৯ জন নিহত হয়েছেন। অপরদিকে এক ত্রাণ কর্মকর্তা জানান, গাছ উপড়ে পড়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে কিছু মানুষের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার তৎপরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি। জানা যায়, মাত্র ভারোহি জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে ১৬ জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতজনিত কারণে ৯ জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়। অপরদিকে, বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবিরাম বর্ষণের কারণে মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়েছেন উত্তর প্রদেশ প্রশাসন এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।