ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৮:১০
'জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার'
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে। সোমবার (২৭ যশোরের ইদগা ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সঙ্গে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার। যশোরের উলাশী খালের পুনঃখনন কাজ ও যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধনের অংশ হিসেবে যশোর সফরকালে প্রধানমন্ত্রী এ জনসভায় বক্তব্য দেন। জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরি এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।