ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৭:৫৬
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দায়িত্বে ঢাকায় তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন। ৭৫ বছর বয়সি এই বর্ষীয়ান রাজনীতিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একসময় তৃণমূল কংগ্রেস-এর হয়ে রাজনীতি করেছেন এবং সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)তে যোগ দেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগ্গিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।