ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২ মে ২০২৬ দুপুর ১২:৪৭:৫৪
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলির নতুন ইতিহাস
বাংলাদেশের পর্বতারোহী বাবর আলি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ, মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার) জয় করে নতুন ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের চূড়ায় পৌঁছান তিনি। অভিযানের নাম ছিল “এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার”, যার আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযান দলের ব্যবস্থাপক ফরহান জামান জানান, বাবর আলির সঙ্গে শীর্ষে পৌঁছান শেরপা আং কামি। নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেনচারের সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়। গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর আলি। এরপর প্রস্তুতি শেষে ১৮ এপ্রিল তিনি বেসক্যাম্পে পৌঁছান। উচ্চতার সাথে মানিয়ে নিতে ক্যাম্প-১ ও ক্যাম্প-২ এ ওঠানামা করেন, এবং পরবর্তীতে ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ পর্যন্ত পৌঁছে যান। শেষ পর্যন্ত ১,১০০ মিটারের বেশি কঠিন আরোহণ শেষে শীর্ষে পৌঁছান তিনি। বাবর আলির পর্বতারোহণ ক্যারিয়ারে এটি আরেকটি বড়ো অর্জন। তিনি এর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে, দশম উচ্চতম অন্নপূর্ণা I এবং অষ্টম উচ্চতম মাউন্ট মানাসলু জয় করেছেন২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে দুর্গম টেকনিক্যাল শৃঙ্গ আমা দাবলাম জয় করেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি এভারেস্ট ও লোৎসে একই অভিযানে আরোহণ করেন, যা বাংলাদেশি পর্বতারোহণ ইতিহাসে প্রথম ঘটনা। ২০২৫ সালে অন্নপূর্ণা এবং অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে তিনি আরও বড়ো সাফল্য অর্জন করেন। সর্বশেষ, মাকালু জয়ের মাধ্যমে আট হাজার মিটারের ওপরে ১৪টি শৃঙ্গের মধ্যে পাঁচটির শিখরে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগোলেন এই বাংলাদেশি পর্বতারোহী। ভার্টিক্যাল ড্রিমার্স জানায়, আবহাওয়া অনুকূল হলে তিনি দ্রুত ক্যাম্প-২ হয়ে বেসক্যাম্পে ফিরে আসবেন। বাবর আলি ২০১৪ সাল থেকে নিয়মিত পর্বতারোহণে যুক্ত আছেন এবং বর্তমানে তিনি ভার্টিক্যাল ড্রিমসের সাধারণ সম্পাদক।