নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৯:১২:৩০
আলোচিত দুই এসপি প্রত্যাহার
ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। এই দুই কর্মকর্তা হলেন— ফেনী জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মো. মিজানুর রহমান। সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপির) মো. আলি হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুব আলম খান ১০ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। অন্য আদেশে বলা হয়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন।