নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০১:১১:০৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভােগান্তি চরমে
মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজে ত্রুটির কারণে এ যানজটের সূত্রপাত হয়, যা ক্রমেই গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে করে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন। বাস, পণ্যবাহী ট্রাক, লরি, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ জরুরি সেবার অ্যাম্বুলেন্স ও ওষুধবাহী গাড়িও যানজটে ধীরগতিতে চলাচল করছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যার কারণে সেখান থেকে যানজটের সৃষ্টি হয়ে তা গজারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবেরচর হাইওয়ে পুলিশ কাজ করছে। উলটো পথে যান চলাচল বন্ধ রাখা এবং দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।