আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬ রাত ০৮:৩২:৪৬
মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরুপ রায়
ভারতের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যে দলের অবিসংবাদিত নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিলেন, সেই দলের শীর্ষ পদ থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।
সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পৌরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক সংকটের বিষয়টি তুলে ধরেন।
তিনি ব্যাখ্যা করেন যে, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর আর কোনো নতুন কমিটি গঠিত হয়নি। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর দ্রুত সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।
এই পরিবর্তনের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব কাঠামোও চূড়ান্ত করা হয়েছে। দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। কোশাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে। পাশাপাশি দলের অতীতের সব আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ নিরীক্ষক বা অডিটর নিয়োগের সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।