নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ০৭:৫৭:৫৩
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
পাবনার চাটমোহরে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত শিশু ওই গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করতো। তবে তার বাবার নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদের কারণে ছোটবেলা থেকেই বনগ্রাম চকপাড়া গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করত ইয়াসমিন। বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সাথে গোসল করতে যায় শিশুটি।
গোসল শেষে অন্যরা বাড়ি ফিরলেও ফেরেনি ইয়াসমিন। একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন পরিবারের লোকজন।