মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সেনবাগ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৬:২৪
সেনবাগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে আহতদের যথাযথ পুনর্বাসন ও শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক রেদওয়ান ইসলাম, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর ইয়াছিন করিম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, উপজেলা প্রকৌশলী নাছির উদ্দীন, জুলাই শহীদ শাহাদাত হোসেন শাওনের পিতা বাছের আলম, জুলাই আন্দোলনে আহত ইয়াছিন আরাফাত সুমন, উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ছানা উল্লাহ এবং আলাউদ্দিন আলো।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।