নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ সকাল ১০:১৭:৩৪
১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ
দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। জেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব কেন্দ্র স্থাপন করা হয়েছে।
রোববার (১৪ জুন) নতুন এসব আইসিইউ-এর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
যেসব হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হচ্ছে সেগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ও অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্র চালুর ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।