নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬ রাত ০৭:৫৭:৪৬
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং কঠোরভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের জঙ্গল, মিরপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এনসি কম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জঙ্গল সলিমপুর অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা গভীরভাবে দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগ্গিরই তা দৃশ্যমান হবে।” মন্ত্রী বলেন, “তারা অত্যন্ত উদ্ধত আচরণ করেছে এবং দুঃসাহস দেখিয়েছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময় দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়নের একটা প্রবণতা তৈরি হয়েছিল। জঙ্গল লিপুকে একসময় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে দেখা হতো উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি জানান, সেখানে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”