নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ০৭:৩৫:৫২
দলের সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না :প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের 'নতুন সংগ্রামে' নামতে হবে। শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো— আমরা মানুষকে যে কমিটমেন্ট (কথা) দিয়েছিলাম সে কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা।’তারেক রহমান বলেন, 'গত ১২ ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম, নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেকেই পরতে পরতে সেটা কিন্তু অনুভব করেছিলেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনি ইশতাহারের পক্ষে সমর্থন দিয়েছে।'নির্বাচনের আগে দেওয়া ইশতাহার এখন জনগণের ইশতাহারে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতাহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে এই ইশতাহারটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতাহারে পরিণত হয়েছে।'কারণ দেশের ৫২ শতাংশ মানুষ যারা ভোট দিয়েছে এবং এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছিলাম, আমাদের সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে।'প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনের আগে মানুষকে বলেছিলাম, আমরা সুশাসন দেবো। আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একটা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। নারী পুরুষ শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে।'তারেক রহমান বলেন, 'আমরা বলি, বর্তমান সরকার বিএনপি সরকার। অর্থাৎ সরকার ঠিকই আছে। কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। বিএনপির সফলতা তখনই নির্ভর করছে, যখন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সরকারের পেছনে এসে না দাঁড়াবেন।'