নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৩১
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদিত তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।