ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৭:০৬
ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার ঘোষণা প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী, পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে এই মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মাধ্যমে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রোড, মিডিয়ান, সড়কদ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন (মিয়া ওয়াকি ফরেস্ট) উন্মুক্ত মিডিয়ান, জিরো সয়েল অথবা সবুজে আবৃত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, মেট্রো রেলের নিচের খালি অংশে (মিরপুর-১২ থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত) এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে (আবদুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত) নিচে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে জানান, ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশদূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।