মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাংলাদেশিদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ বলে জানা গেছে। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন এই ছয়জন প্রবাসী। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের মরদেহ।জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
৫ ঘন্টা আগে
লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ ভেসে এসেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবি যাওয়ার পর এসব মরদেহ উপকূলে ভেসে এসেছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা, নৌবাহিনী ও হাসপাতাল সূত্র।শনিবার (২০ জুন) নৌবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ১০ জন যাত্রীর তথ্য অনুযায়ী, ওই নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। উদ্ধার হওয়া মরদেহগুলো মূলত মিসর সীমান্তসংলগ্ন লিবিয়ার তবরুক শহরের উপকূলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো মারাত্মকভাবে পচে গেছে। দীর্ঘ সময় সাগরে থাকায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্র থেকে আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তবরুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা বিশেষ সাদা সুরক্ষা পোশাক পরে পাথুরে উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করে সাদা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করছেন।আরও পড়ুনবিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪২০১১ সালে ন্যাটো-সমর্থিত এক বিদ্রোহের মাধ্যমে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর থেকেই ইউরোপে যাওয়ার একটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে দেশটি। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত মানুষজন উন্নত জীবনের আশায় লিবিয়াকে বেছে নিচ্ছেন। প্রতিবছর হাজারো অভিবাসী মরুভূমি ও ভূমধ্যসাগরের এই চরম ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।এদিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, দেশটির খুমস শহরের উপকূলে আরেকটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকাটিও সমুদ্রে উল্টে গিয়েছিল। সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়া ১৩ জন অভিবাসীকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ ঘন্টা আগে
অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ১৮৬ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি রয়েছে।শুক্রবার (১৯ জুন) মধ্যরাতের পর পুডু মার্কেটের কাছে একটি ভবনে পরিচালিত এইঅভিযানপরিচালনা করা হয়। হারিয়ান মেট্রোর বরাতে ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৩২০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়া, বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকার সন্দেহে ১৮৬ জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এ ছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী।আটকদের মধ্যে আরো রয়েছেন ২৬ জন মিয়ানমারের নাগরিক, যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১৩ জন নারী। এ ছাড়া পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুইজন ভারতীয়, দুইজন চীনা এবং একজন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
১ দিন আগে
আঞ্চলিক অস্থিরতায় নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে না পেরে বিপাকে পড়া হাজারো বিদেশির জন্য বড় স্বস্তির খবর এসেছে। ওভারস্টে জরিমানা ছাড়াই ভিসা ও আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করা কিংবা দেশ ত্যাগের সুযোগ দিয়ে ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে ইউএই কর্তৃপক্ষ।এতে উপকৃত হবেন সেইসব প্রবাসী ও ভ্রমণকারীরা, যারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি।আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছাড়তে না পারা বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)।বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আইসিপির ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানা ছাড়াই নিজেদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন অথবা দেশ ত্যাগ করতে পারবেন।এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য, যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে না পারায় আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলজুড়ে পরিস্থিতি এখন স্থিতিশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ বজায় রাখতে কিংবা স্বাভাবিক নিয়মে ফিরে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আইসিপি আরও বলেছে, এর আগে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্ত ছিল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে ভ্রমণকারী এবং দর্শনার্থীদের সহায়তা করার মানবিক পদক্ষেপের অংশ।সংস্থাটির ভাষ্য, বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় জরিমানা মওকুফের প্রয়োজনীয় পরিস্থিতি আর বিদ্যমান নেই।
২ দিন আগে