ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৩৬:৫৯
যে ৩ আমলে আল্লাহ হাসেন
একজন মুমিনের সবচেয়ে বড় কামনা থাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু আমলের কথা এসেছে, যেগুলো আল্লাহর বিশেষ সন্তুষ্টির কারণ। কিছু হাদিসে আরও এসেছে, নির্দিষ্ট কিছু আমলের ক্ষেত্রে মহান আল্লাহ তাঁর শান ও মর্যাদার উপযোগীভাবে হাসেন। এই হাসির প্রকৃত ধরন একমাত্র আল্লাহই জানেন। তাই এ বিষয়ে কোরআন ও সুন্নাহয় যা এসেছে, তা-ই বিশ্বাস করা মুসলমানের কর্তব্য। এর বেশি কোনো ব্যাখ্যা বা তুলনা করা ঠিক নয়।
১. মেহমানকে নিজের চেয়ে অগ্রাধিকার দেওয়া
মদিনার এক আনসারি সাহাবির ঘরে খাবার ছিল খুবই অল্প। এমন সময় এক ক্ষুধার্ত মেহমান এলে তিনি ও তাঁর স্ত্রী নিজেদের অংশটুকুও মেহমানের জন্য রেখে দেন। বাতি নিভিয়ে এমনভাবে বসেছিলেন, যেন মনে হয় সবাই একসঙ্গে খাচ্ছেন। অথচ তাঁরা সেদিন না খেয়েই রাত কাটান।
পরদিন রাসুলুল্লাহ (স.) তাঁদের উদ্দেশে বলেন, ‘গত রাতে তোমরা মেহমানের সঙ্গে যে আচরণ করেছ, তা দেখে আল্লাহ হেসেছেন (অথবা সন্তুষ্ট হয়েছেন)।’ (সহিহ বুখারি: ৩৭৯৮)
মুফাসসিরদের মতে, আনসারদের এই আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করেই সুরা হাশরের ৯ নম্বর আয়াত নাজিল হয়, যেখানে তাদের মহানুভবতার প্রশংসা করা হয়েছে।