ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০১:২০:০৭
৬৮ হাজার ৭৩২ হজযাত্রী সৌদি পৌঁছেছেন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৭৭টি ফ্লাইটে মোট ৬৮ হাজার ৭৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুধবার (২০ মে) প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, এবারের হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেন। ফ্লাইট পরিচালনার তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯০টি, সৌদি এয়ারলাইন্স ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।