ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬ দুপুর ১২:৩১:৪৪
সৌদিতে ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কর বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভা। সভায় জানানো হয়, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনি যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। যার মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৯ জন। সর্বশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ৬১ বছর বয়সি মোহাম্মদ নজরুল ইসলাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করা হজযাত্রীদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
হজ মিশনের অফিশিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ায় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।