নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ১২:২৬:৩৮
ইইউবির তিন স্টার চিহ্ন অপসারণ ও সমাবর্তনের অনুমোদন
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিরুদ্ধে আরোপিত তিনটি লাল তারকা (*) চিহ্ন অপসরণ এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে শিক্ষা সচিব আব্দুল খালেক সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে যানান।
বুধবার ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা এবং উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ এবং দ্বিতীয় সমাবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ ভাবে ইইউবি’র নামের পাশে সম্প্রতি যুক্ত হওয়া তিনটি লাল তারকা (*) চিহ্ন প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন উপাচার্য। এটি অপসারণে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে তিনি শিক্ষা সচিবকে জানান, এ ধরনের চিহ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করছে এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন দ্রুত সম্পন্ন করার অনুরোধও জানান তিনি।
এ সময় শিক্ষা সচিব আব্দুল খালেক শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে জানান, ইইউবি’র বিরুদ্ধে আরোপিত (*) চিহ্ন অপসারণ এবং দ্বিতীয় সমাবর্তনের অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
বৈঠকে ইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী সচিব কে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরির কারিগর আমাদের দায়িত্ব তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। আমরা আশা করছি সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্ষম হব।
বৈঠক শেষে ইইউবি’র পক্ষ থেকে শিক্ষা সচিবের কাছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং চলমান একাডেমিক অগ্রগতি তুলে ধরতে নিয়মিত প্রকাশিত “নিউজ বুলেটিন” ম্যাগাজিন উপস্থাপন করা হয়।
ম্যাগাজিনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্য, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সুসংগঠিতভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশনাটি পর্যালোচনা করে শিক্ষা সচিব ইইউবি’র ধারাবাহিক কার্যক্রম ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।