নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ০১:১৭:০৭
জেনে নিন বিশ্বের কোন দেশে কবে ঈদ
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বিশ্বের বেশিরভাগ মুসলিমপ্রধান দেশে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। তবে ব্রুনাইয়ে ঈদ হবে ২৮ মে। আর বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সেখানে আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফা দিবস এবং ২৭ মে বুধবার ঈদুল আজহা উদ্যাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও একই দিনে ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানেও ২৭ মে ঈদ উদ্যাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও তিউনিসিয়ায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের সিদ্ধান্ত হয়েছে।
তবে ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদ্যাপিত হবে। সে অনুযায়ী ব্রুনাইয়ে আরাফা দিবস পালিত হবে ২৭ মে। ভারতে চাঁদ দেখা যায়নি, সে হিসেবে ঈদ ২৮ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। সে হিসাবে ও চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি।