নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ রাত ০৬:১৬:১২
পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় জাতীয় গৃহায়নের দখলকৃত জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।অভিযানের এক পর্যায়ে দুপুরের দিকে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু লোকজন পুলিশকে ধাওয়া করে এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা সাময়িকভাবে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় গৃহায়নের দখলকৃত জমি উচ্ছেদ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যুগ্ম কমিশনার ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করছিলেন। প্রায় দুপুর ১২টার দিকে স্থানীয়দের হামলার কারণে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় ৫০ বিঘা সরকারি জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক সংশ্লিষ্ট স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে উঠে অবৈধ দখলদারিত্ব চলছিল।পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুরের পর আবারও সেখানে উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয় বলে জানা গেছে।