নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ দুপুর ০১:০৮:৫২
জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত : প্রধানমন্ত্রী
জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনের ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র জমি-জমা সংক্রান্ত বিষয়েই নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। বিগত দেড় দশকে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় বর্তমান সরকার। এজন্য সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগী বলেও জানান তিনি।তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এবং একই সাথেচ নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ভূমি’।