নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মে ২০২৬ দুপুর ১২:৫২:২০
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে এক বছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যে-সব সাংবাদিক জেলে আছেন, তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে আর ১০ মাস থেকে এক বছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।