নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ১২:৫৯:১১
মহাখালীতে গারমেন্টস শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
ঢাকার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বকেয়া বেতনের দাবিতে গারমেন্টস শ্রমিকদের সড়ক অবরোধে সকালেই তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেতন বকেয়া থাকায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, “নাসা মেইনল্যান্ড গারমেন্টসের শ্রমিকরা বুধবার সকাল ১০টার দিকে তেজগাঁও লিংক রোড, নাবিস্কো ও মহাখালী বাস টার্মিনালের লাগোয়া রাস্তা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেতন-ভাতার দাবিতে তারা অবস্থান নিয়েছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে তাদের বোঝানোর চেষ্টা করছি।”বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন বলে দাবি করেন তারা। এদিকে সড়ক অবরোধের কারণে মহাখালী এলাকার দুই পাশের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় এবং আশপাশের অলিগলিতেও যানজট ছড়িয়ে পড়ে। এতে অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েন।মহাখালী টার্মিনালের স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা পুলিশের সহায়তা নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তিনি বলেন, সাতরাস্তা অভিমুখী গাড়িগুলোকে ইউটার্ন করিয়ে মহাখালী রেলগেটের দিকে পাঠানো হচ্ছে।