রাজধানী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার পাশের একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদসংলগ্ন গলিতে জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন মমতাজ। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি খোলা জায়গায় চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, মরদেহের হাতে কামড়ের দাগ রয়েছে। ঘটনাস্থলের পাশে জুতা ও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।একই বাড়ির ভাড়াটিয়া ইমরান জানান, মমতাজ আগে স্বামীর সঙ্গে খোলামোড়া মডেল টাউন এলাকায় থাকতেন। সম্প্রতি স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি বড় বোন খুশি ও ভগ্নিপতি ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকায় বসবাস শুরু করেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের সৎমা সাহিদা খাতুন বলেন, ঘটনার সময় মমতাজের বড় বোন ও ভগ্নিপতি গ্রামের বাড়িতে ছিলেন। তাই তিনি বাসায় একাই ছিলেন। পরিবারের অমতে নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। ওই স্বামীও চার মাস আগে তাকে ছেড়ে চলে যান।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৭ ঘন্টা আগে
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে একদল সন্ত্রাসী।রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল একটি টেম্পোতে চড়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের বহুতল ভবনের সামনে এসে নামে। ওই সময় ভবনটিতে নির্মাণকাজ চলছিল। সন্ত্রাসীরা ভেতরে ঢুকেই কাজ করতে থাকা শ্রমিকদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।একপর্যায়ে তারা ভবনের দরজা-জানালা ও বিভিন্ন কাঠামো ভাঙচুর করে। তাণ্ডব চালানোর সময় হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া মারধরের শিকার হন ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও আরও কয়েকজন শ্রমিক। তাণ্ডব চালিয়ে চত্বর ত্যাগ করার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।হামলার শিকার জসিম উদ্দিন পেশায় চাল ও চিনির পাইকারি ব্যবসায়ী। হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।তিনি জানান, ‘গত এক মাস ধরে একটি বিদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিল। ইতিপূর্বে নগরীতে অন্য একটি প্রতিষ্ঠানে হামলার পর প্রতিবাদ হলে চাঁদাবাজরা কিছুদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে তারা আবার ফোন দিয়ে হুমকি দিতে শুরু করে। বিষয়টি সাথে সাথেই পুলিশকে অবহিত করা হয়েছিল। আজ ঘটে যাওয়া এ ঘটনায় আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, কেবল ব্যবসায়ী জসিমই নন, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন প্রায় ৮ থেকে ১০টি ভবনের মালিকদের কাছে ফোন করে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। স্বাধীনতা-উত্তর সময়ে এই এলাকায় এমন প্রকাশ্য ও বেপরোয়া চাঁদাবাজির ঘটনা আর কখনো দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
১০ ঘন্টা আগে
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর দু’জন হলেন- ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)।এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।এ ঘটনায় গুলিবিদ্ধ নালাম সরদার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ১২টি গাঁজা গাছসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়েশা বেগম (৫০) একই এলাকার মৃত ছিদ্দিক আলীর স্ত্রী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা-পুলিশের একটি দল ধরমন্ডল গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় আয়েশা বেগমের বাড়ি থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম জানিয়েছেন, তিনি বাড়িতেই গাঁজার গাছ লাগিয়ে সেগুলো থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে ছোট ছোট পুরিয়ায় ভরে বিক্রি করতেন। তিনি নিজেও গাঁজা সেবন করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন আগে